লা লিগার এবারের মৌসুমের শুরু থেকেই রীতিমত উড়ছিল বার্সেলোনা। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে ধারাবাহিক জয়ের ধারায় ছিলেন লামিনে ইয়ামালরা। প্রথম সাত ম্যাচ জয়ের পর গতকাল ওসাসুনার বিপক্ষে মাঠে নেমেছিল কাতালানরা। তবে শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হয়েছে ফ্লিকের শিষ্যরা। ওসাসুনার বিপক্ষে ম্যাচটি হেরেছে ৪-২ গোলের ব্যবধানে।
গতকাল ওসাসুনার বিপক্ষে ম্যাচটি জিতলে দারুণ এক রেকর্ড গড়তেন ফ্লিক। জেরার্ড মার্টিনোর পর প্রথম বার্সেলোনা কোচ হিসেবে মৌসুমের প্রথম ৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়তেন তিনি। তবে শেষ পর্যন্ত আর তা হয়নি।
ওসাসুনার মাঠে গতকাল প্রথম একাদশে ইয়ামাল এবং রাফিনিয়াকে ছাড়াই খেলতে নেমেছিল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দারুণ খেলছিলেন বার্সা ফুটবলাররা। তবে বেশিরভাগ সময় বল দখলেও রেখেও সুবিধা করে ওঠতে পারেননি রবার্ট লেভানডভস্কিরা।
প্রথমার্ধের ব্ররসেলোনার বিপক্ষে ২ গোলের লিড পেয়ে যায় ওসাসুনা। প্রথমার্ধে গোল করতে না পারা বার্সা দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার আভাস দেয়। ৫৩ মিনিটে একটি গোল শোধ করেন পাও ভিক্টর। তবে শেষ পর্যন্ত সমতায় ফেরা হয়নি কাতালান ক্লাবটির।
প্রথমার্ধে এক গোল করে ওসাসুনার আন্তে বুদিমির ম্যাচের ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন। এরপর ৮৫ মিনিটে আরও এক গোল করে দলটি। ৪ গোল হজম করার পর বার্সার হয়ে একটি গোল ম্যাচের শেষ মুহূর্তে করেছেন বদলি নামা ইয়ামাল। তবে তা শুধু কাতালানদের হারের ব্যবধানই কমিয়েছে।
এমন হারের পর অবশ্য দায়টা নিজের কাঁধেই নিয়েছেন বার্সা কোচ ফ্লিক। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি। আমাদের এভাবে খেলাটা স্বাভাবিক ব্যাপার নয়। আমরা দলে অনেক পরিবর্তন এনেছি, সম্ভবত এটাও একটা কারণ।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ ছিল, অনেক খেলোয়াড়কে প্রচুর মিনিট মাঠে থাকতে হয়েছে। এ বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। এটা আমার দায়িত্ব। আপনি এই হারের জন্য যদি কাউকে দায় দিতে চান, তবে আমাকে দিতে পারেন।’
কমেন্ট বক্স