দিনাজপুরের ফুলবাড়ীতে বিজয়া দশমীতে পুজা মণ্ডপ গুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেন নারীরা। সিঁদুর খেলা শেষেই শুরু হয় দেবী দূর্গাকে বিদায় দেওয়ার প্রস্তুতি।
রোববার (১৩ অক্টোবর) দুপুরের পর থেকেই ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় প্রতীমা বিসর্জন শুরু হয়।
পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসবের শেষে আজ পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে দেখা যায়, ঢাকের তালে তালে সিঁদুর খেলায় মেতে উঠেছেন বিবাহিত নারীরা। একজন অপরজনের সিঁথিতে সিঁদুর তুলে দিচ্ছিলেন তারা। অনেকে একজন আরেকজনের গালেও লাগিয়ে দিচ্ছিলেন সিঁদুরের রঙ। স্বামীর মঙ্গল কামনায় দেবীর পা ছোঁয়ানো এ সিঁদুর নিয়ে খেলায় মেতে ওঠেন তারা।
এর আগে সকাল থেকে শুরু হয় ভক্তদের আরাধনা। দশমী পূজার পর সিঁদুর খেলা শুরু হয়। দুপুরের পর দেবী দুর্গাকে এক বছরের জন্য বিদায় দিতে গিয়ে বিষাদে ভরে ওঠে সবার মন। এসময় ভক্তবৃন্দরা বলেন, এবছর পুজা উদযাপন খুব ভালো হয়েছে। আগামীতেও যেন পুজা ভালো ভাবেই হয় সেই প্রর্থানা করেছি দুর্গার মা‘র কাছে।
কমেন্ট বক্স