ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ৪৪ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
১ বছর আগে
ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ৪৪ হাজার ছাড়াল
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৩ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৮ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে মৃত আটজনের মধ্যে ৪ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা। বাকি চারজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ছাড়াও বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগে একজন করে মারা গেছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (২৮১ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৪ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, খুলনা বিভাগে ১২২ জন, বরিশালে ১০১ জন, রাজশাহীতে ৫২ জন, ময়মনসিংহে ৩০ জন এবং সিলেট বিভাগে ৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২২৩ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৭৬৪ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৩২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, খুলনা বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন ছাড়াও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকা ও রাজশাহী বিভাগে একজন করে মোট দুইজন ডেঙ্গুতে মারা গেছেন।


কমেন্ট বক্স