ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় এসেছেন টাইগারদের নতুন প্রধান কোচ

নিউজ ডেস্ক
১ বছর আগে
ঢাকায় এসেছেন টাইগারদের নতুন প্রধান কোচ
দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছিলেন ২০২৩ সালে। প্রধান কোচের পদ থেকে গতকাল তাকে বরখাস্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ফিল সিমন্সকে।

হাথুরুর চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তার বিকল্প হিসেবে জাতীয় দলের নতুন কোচ হচ্ছেন ক্যারিবিয়ান ফিল সিমন্স। আর তার সঙ্গে চুক্তিটা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। ফিল সিমন্সকে প্রায় ১০০ দিনের চুক্তিতে অন্তবর্তীকালীন কোচ হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই টাইগারদের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন সিমন্স। টাইগারদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছে প্রোটিয়ারা। একই দিনে ঢাকায় এসেছেন সিমন্সও। নিয়োগ পাওয়ার পর ২৪ ঘন্টা না পেরোতেই বাংলাদেশে এসেছেন তিনি।

কোচ হিসেবে সিমন্সের পথচলা শুরু হয় ২০০৪ সালে, জিম্বাবুয়ের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন সে বছর। তবে তাঁর অধীনে নিউজিল্যান্ড ও বাংলাদেশের কাছে জিম্বাবুয়ে হারায় ছাটাই হতে হয় তাকে। ২০০৭ সালের বিশ্বকাপের পর সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার আয়ারল্যান্ডের কোচ হন।

২০১৫ সাল পর্যন্ত তাঁর অধীনে ২২৪টি ম্যাচ খেলেছে আয়ারল্যান্ড। জাতীয় দলের কোচ হিসেবে সবথেকে বেশি দায়িত্ব পালনের রেকর্ডও এটি। তাঁর অধীনেই ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়েছিল আইরিশরা, একই ভাবে ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছিল সিমন্সের আয়ারল্যান্ড।

এরপর ২০১৬ সালে সিমন্সের অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে  ওয়েস্ট ইন্ডিজ। ২০১৭ সসালে তিনি আফগানিস্তানের প্রধান কোচ হন, আফগানরা প্রথম টেস্ট জিতে তাঁর অধীনেই। এরপর ফের ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিয়েছিলেন ২০১৯ সালে, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ দায়িত্ব ছাড়েন তিনি। 


কমেন্ট বক্স