চ্যালেঞ্জের মধ্যেই অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ভালো দিকে নেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলা একাডেমিতে সাংবাদিক এহসান মাহমুদের একটি বইয়ের পাঠ আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গত তিন মাসে অর্থনৈতিকভাবে সৎ ছিলেন, যা বিগত সরকারের মধ্যে ছিল না। ঋণ ও পাওনা পরিশোধে নতুন করে টাকা আনতে হচ্ছে। এটি বিশাল অর্থনৈতিক চ্যালেঞ্জ। তবে আগামীতে অর্থনীতি যাতে ভালোর দিকে যায় সেই চেষ্টা করছে সরকার।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের কমান্ড শুনতে অভ্যস্ত তাই নতুন পরিবেশে কাজ করতে ডিমোরালাইজড হচ্ছে। অন্তর্বর্তী সরকারের দুর্বলতা আছে, বিপুল আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করতে হয়। নেগেটিভ এনার্জি বিকিরণ করেছে বিগত সরকার। আমরাও কনফিউজড হয়ে যাই।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন বলেন, বাংলাদেশ রাজনৈতিক সংস্কৃতির শিকার। দেশের যারা ক্ষমতায় থাকে তারাই দখলদার হয়। এটি দূর করতে পারলে দেশে বৈষম্য দূর হবে।
এছাড়া সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেন, আন্দোলনকারীরা যদি বলে এটা মানতে হবে, তাহলে আগের সরকারের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। ভিন্ন মতের চর্চা করতে হবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সমঝোতা দরকার, যাতে অস্থিরতা তৈরি না হয়। আর এই সুযোগে স্বৈরাচারের দোসররা যাতে আবারও ফিরে না আসে।
কমেন্ট বক্স