ঢাকা মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে বিএনপি ও ফ্যাসিস্টদের লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে: মুজিবুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২ ঘন্টা আগে
ইসলামী ব্যাংকে বিএনপি ও ফ্যাসিস্টদের  লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে: মুজিবুর রহমান
সরকার অন্যায়ভাবে পুরো ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিবর্তনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে ইসলামী ব্যাংকে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা বিএনপি ও ফ্যাসিস্ট আমলের লোক।
 
মঙ্গলবার বিকেলে সাভার সরকারি কলেজ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনসুর রহমানের জানাজায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 
মুজিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা সবাই বিএনপি এবং ফ্যাসিস্ট আমলের লোক। তাদের মাধ্যমে ইসলামী ব্যাংকের কোনো কল্যাণ হবে না। সরকার পরিকল্পিতভাবে ব্যাংকটির পুরো কাঠামো পরিবর্তনের চেষ্টা করছে।
 
এসময় তিনি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের বিষয়েও সমালোচনা করেন। তিনি বলেন, মেধাবীদের মূল্যায়ন না করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে।
 
জামায়াতের এই নেতা আরও বলেন, সবখানে দলীয়করণ করা হচ্ছে। এতে দেশের কোনো উপকার হচ্ছে না। বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আবারও ফ্যাসিস্ট আমলের ধারা অনুসরণ করছে।
 
এ সময় স্থানীয় জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স