ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী
জাতীয় সংসদে আগামী ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত এই বাজেট উত্থাপন করছেন তিনি। এটি বাংলাদেশের ৫৫তম জাতীয় বাজেট।

বিকাল ৩টায় কালো রঙের ব্রিফকেস হাতে বাজেট ঘোষণা করতে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্রিফকেসেই ছিল বিএনপি সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের কাগজপত্র ও অর্থ বিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অর্থমন্ত্রী অধিবেশন কক্ষে প্রবেশের মুহূর্তে আলোকচিত্রীরা ছবি তুলতে থাকেন। এদিকে অধিবেশনকক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গে টেবিল চাপড়ে অর্থমন্ত্রীকে স্বাগত জানান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন শুরু করেন।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মোট আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। এবারের বাজেটে মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সামগ্রিক বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়।

দেশের রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদে জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়ে থাকে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পর এটাই প্রথম বাজেট।

সকাল ১০টায় মন্ত্রিসভায় বাজেট বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা ১টায়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেট প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে সংসদ না থাকায় উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকারের ব্যয় এবং সংশোধিত অর্থ অধ্যাদেশ অনুমোদন করা হয়েছিল। পরে রাষ্ট্রপতির সম্মতির পর নির্দিষ্টকরণ অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয় এবং জারির করার পর তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়।


কমেন্ট বক্স