হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে চরম উত্তেজনা। এরই মধ্যে ফের ইরানের বিভিন্ন এলাকায় ভোররাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক ও বাণিজ্যিক জাহাজে হামলার সক্ষমতা দুর্বল করতেই নতুন করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই হামলাগুলো চালানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সেন্টকম জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা থেকে তাদের বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করে।
বিবৃতিতে বলা হয়, কমান্ডার-ইন-চিফের নির্দেশে ইরানি বাহিনীকে জবাবদিহির আওতায় আনতেই এই হামলা পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশের সিরিক, কেশম দ্বীপ, জাস্ক এবং বন্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
হরমোজগান প্রদেশের প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত এসব হামলায় কোনো বেসামরিক হতাহতের খবর পাওয়া যায়নি।
গত এক সপ্তাহে ইরানে তিন দফা হামলা হয়েছে। এর মধ্যে শনিবার রাতে সেন্টকম দাবি করে, তারা ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
মার্কিন বাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, নজরদারি ব্যবস্থা এবং নৌ-অভিযান সংশ্লিষ্ট স্থাপনাগুলো।
এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
কমেন্ট বক্স