ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১ আগস্ট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
১ আগস্ট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে যুক্ত হচ্ছে টাইফয়েড টিকা
দেশের শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি থেকে দীর্ঘমেয়াদি সুরক্ষা দিতে আগামী ১ আগস্ট থেকে নিয়মিত টিকাদান কর্মসূচিতে ‘টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি)’ অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর আওতায় ১৫ মাস বয়সী সব শিশুকে এ টিকা দেওয়া হবে।Family Law

সোমবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

ইপিআইর নির্দেশনা অনুযায়ী, দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ১৫ মাস বয়সী শিশুদের এক ডোজ টিসিভি দেওয়া হবে। শিশুর বাম ঊরুর মধ্যভাগের বহিরাংশের মাংসপেশিতে শূন্য দশমিক ৫ মিলিলিটার টিকা প্রয়োগ করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই টিকাদান সেশনে হাম-রুবেলা (এমআর-২) টিকার সঙ্গে টিসিভিও একযোগে দেওয়া যাবে।

টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ১৫ মাস বয়সী শিশুদের তালিকা প্রস্তুত করবেন এবং ‘VaxEPI’ অ্যাপের মাধ্যমে তাদের নিবন্ধন নিশ্চিত করবেন।

এ ছাড়া অভিভাবকদের সচেতন করতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে উঠান বৈঠক এবং প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা জোরদার করতে নিয়মিত টিকাদান কর্মসূচিতে নতুন ও কার্যকর টিকা অন্তর্ভুক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন যুক্ত করা হচ্ছে।


কমেন্ট বক্স