দুই দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় সমানভাবে মুগ্ধতা ছড়িয়ে চলেছেন তিনি। বয়স বাড়লেও সৌন্দর্য, ব্যক্তিত্ব আর তারুণ্যদীপ্ত উপস্থিতিতে আজও দর্শকদের বিস্মিত করেন। বলছি ঢালিউডের চিরসবুজ ও লাস্যময়ী অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার কথা।
দীর্ঘদিনের ক্যারিয়ারে পূর্ণিমাকে ‘মিষ্টি’ চরিত্রেই দেখেছে দর্শক। নেতিবাচক কোনো চরিত্রে সেভাবে পাওয়া যায়নি। সে অপূর্ণতা অনুভব করেন নায়িকা নিজেও। তাই ক্যারিয়ারের এ পর্যায়ে এসে তার ইচ্ছে, ভিলেন বা খল চরিত্রে অভিনয় করার। সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়ে এ কথা জানিয়েছেন অভিনেত্রী।
পূর্ণিমা বলেন, আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।
অভিনেত্রী বলেন, এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকেরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।
কমেন্ট বক্স