রাজবাড়ীর সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সোমবার (২৭ জুলাই) সকাল সোয়া ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত র্যাব-১০-এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি দল এ অভিযান পরিচালনা করে।
বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১০ সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।
গ্রেপ্তার পাঁচজন হলেন- রাজবাড়ী সদর উপজেলার কৈডাঙ্গা গ্রামের আলম সরদার (৪০), ডাউকি গ্রামের ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া গ্রামের ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের রাজু আহমেদ টোকন (৪৫)।
র্যাব জানায়, অভিযানের সময় কৈডাঙ্গা এলাকায় আলম সরদার ও বাহাদুর বিশ্বাসের বসতবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে একটি অপহরণ ও চাঁদাবাজির মামলা, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি ডাকাতি মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।