ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ১ কোটি ৬৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
খাল পুনঃখনন শেষে সরকারি কোষাগারে ১ কোটি ৬৭ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
সরকারি বরাদ্দের শতভাগ স্বচ্ছতা ও সাশ্রয়ী ব্যবহারের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে ফেনী সদর উপজেলা প্রশাসন। দুই ইউনিয়নের দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজ নির্ধারিত নকশা ও গুণগত মান বজায় রেখে সম্পন্ন করার পর বেঁচে যাওয়া ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৭০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী খাল এবং বালিগাঁও ইউনিয়নের দাউদপুর-মধুয়াই খাল পুনঃখননের জন্য মোট ৪ কোটি ৪ লাখ ৩৩ হাজার ৭০৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে মোহাম্মদ আলী খালের জন্য ১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার ৯৩০ টাকা এবং দাউদপুর-মধুয়াই খালের জন্য ২ কোটি ৫৭ লাখ ৫২ হাজার ৭৭৫ টাকা অনুমোদন করা হয়েছিল।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, দুটি খালের মোট ১১ দশমিক ২২৫ কিলোমিটার অংশ পুনর্খনন করা হয়। কাজ শেষে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় হওয়ায় অতিরিক্ত ১ কোটি ৬৭ লাখ ৬০ হাজার ৭০ টাকা উদ্বৃত্ত থাকে। সরকারি আর্থিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করে সাশ্রয় হওয়া পুরো অর্থই চালান কোডের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পলি পড়ে ও আবর্জনায় ভরাট হয়ে থাকা খাল দুটি পুনঃখননের ফলে এলাকায় পানিনিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক হবে। এতে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার হাত থেকে রেহাই পাবেন হাজারও মানুষ। পাশাপাশি কৃষিজমিতে সেচ ও পানি নিষ্কাশন সহজ হওয়ায় স্থানীয় কৃষি উৎপাদনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, "সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহি এবং জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়াই আমাদের লক্ষ্য। কাজের মান ঠিক রেখে সাশ্রয় হওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে জনগণের আমানতের সঠিক মর্যাদা রক্ষা করা হয়েছে।"

উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ। উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও অপচয় বন্ধে এটি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন তাঁরা।


কমেন্ট বক্স