ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সতর্ক অবস্থান রয়েছেন বিনিয়োগকারীরা। এ ছাড়া মধ্যপ্রাচ্যে সংঘাতও আপাতত থেমেছে। এসবের ফলে স্বর্ণের বাজারে কিছুটা ঊর্ধ্বগতি দেখা গেছে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৫টা ২১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। আর আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ৪ হাজার ৩১ দশমিক ৯০ ডলারে নেমেছে।

ট্রাডু.কমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট নিকোস জাবুরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপড়েনের  কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং ফেডের সুদের হার অপরিবর্তিত রাখার প্রত্যাশার কারণে আজ স্বর্ণের বাজারে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে।’

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে। আর প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৮৬ দশমিক ৮৪ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ২৫৩ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম পড়ছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: রয়টার্স


কমেন্ট বক্স