ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
জন্ম থেকেই হাত নেই। পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেন আয়শা আক্তার। স্বপ্ন ছিল একটা চাকরি পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর। অবশেষ স্বপ্নপূরণ হলো তার। গাইবান্ধার সাঘাটা উপজেলার বাসিন্দা জন্ম থেকে হাত না থাকা আয়শা আক্তারকে নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাত না থাকায় মুখ দিয়ে সেই নিয়োগপত্র গ্রহণ করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় আয়শাকে নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিন একই সময়ে আরও দুজন প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী। তারা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন ও নড়াইল সদর উপজেলার হাসমত আলী। 

কর্মসংস্থানের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়। 

প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের জন্য দিনটি ছিল নতুন কর্মজীবনের পাশাপাশি নতুন স্বপ্নেরও সূচনা।

আয়শা আক্তারের মতো নীলা খাতুনেরও জন্ম থেকেই দুই হাত নেই। তিনিও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, দৃষ্টি প্রতিবন্ধী হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। 


কমেন্ট বক্স