ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের ভোট শুরু আজ

অনলাইন ডেস্ক
৩৮ মিনিট আগে
জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের ভোট শুরু আজ
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আজ (৩০ জুলাই) নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হচ্ছে প্রথম অনানুষ্ঠানিক গোপন ভোট, যা ‘স্ট্র পোল’ নামে পরিচিত। এই ভোটের মাধ্যমে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি সদস্য দেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে।

বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস টানা দুই মেয়াদে ১০ বছর দায়িত্ব পালন শেষে চলতি বছরের ডিসেম্বর মাসে বিদায় নিচ্ছেন। তার উত্তরসূরি নির্বাচনে এবার মূলত লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন।

বর্তমানে আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল এবং উগান্ডার মনোনীত সাতজন প্রার্থী এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের প্রতিনিধিরা অনানুষ্ঠানিক এ ভোটে তিন ধরনের মতামত দিতে পারবেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ এবং ‘কোনো মতামত নেই’। ভোটের ফলাফলের মাধ্যমে কোন প্রার্থী সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছেন, তার প্রাথমিক ধারণা পাওয়া যাবে।

সাধারণত একাধিক দফায় ‘স্ট্র পোল’ অনুষ্ঠিত হয়। সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতে চূড়ান্ত প্রার্থী নির্ধারণের সম্ভাবনা রয়েছে। তবে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য বা ঐকমত্যে পৌঁছাতে বিলম্ব হলে নির্বাচন প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে।

সূত্র: রয়টার্স


কমেন্ট বক্স