ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দলে সুযোগ না পেয়ে ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা

স্পোর্টস ডেস্ক
৪ ঘন্টা আগে
দলে সুযোগ না পেয়ে ভারতীয় ক্রিকেটারের আত্মহত্যা
ভারতের নাগপুরে ক্রিকেটার হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল ১৭ বছর বয়সী আদিতি মোরেশ্বর চৌকান্দের। বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ভিসিএ) দলে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশের তথ্য অনুযায়ী, মহারাষ্ট্রের আকোলা জেলার বাসিন্দা আদিতি মায়ের সঙ্গে নাগপুরে এসে বসবাস শুরু করেছিলেন পেশাদার ক্রিকেটার হওয়ার লক্ষ্য নিয়ে। গত দুই বছর ধরে তিনি নাগপুরের সার্ভে ক্রিকেট একাডেমিতে কঠোর অনুশীলন করছিলেন। লক্ষ্য ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুমোদিত বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের দলে জায়গা করে নিয়ে উচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলা।

কিন্তু সাম্প্রতিক দল নির্বাচনে সুযোগ না পাওয়ার পর থেকেই তিনি তীব্র মানসিক চাপে ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ। নাগপুরের বাজাজ নগর থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি কথিত সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে আদিতি লিখেছেন, ‘আমি নির্বাচিত হইনি।’ তদন্তকারীদের ধারণা, এই একটি বাক্যই তার মানসিক যন্ত্রণার গভীরতা তুলে ধরে।

আদিতির পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্রিকেটে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করছিলেন। তার ভাইও একজন ক্রিকেটার। ঘটনার খবর পেয়ে বাজাজ নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। থানার পরিদর্শক চেতন চৌহান বলেন, ‘আমরা সব দিক থেকেই ঘটনাটি তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’


কমেন্ট বক্স