ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় প্রথম দিনের অনুশীলনে খুশি তাইজুল

স্টাফ করেসপন্ডেন্ট
১ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ায় প্রথম দিনের অনুশীলনে খুশি তাইজুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টকে সামনে রেখে ডারউইনের ভেন্যুতে প্রথম দিনের অনুশীলন নিয়ে খুশি বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। 

টেস্ট ম্যাচ খেলতে দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েছে বাংলাদেশ দল। ২০০৩ সালে সর্বশেষ অসিদের মাটিতে টেস্ট খেলেছিল টাইগাররা। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। 

ঐ সফরের প্রথম টেস্টও ডারউইনে খেলেছিল বাংলাদেশ। ইনিংস ও ১৩২ রানে হেরেছিল তারা। 

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট দিয়ে ২০০৩ সালে ভেন্যু হিসেবে ডারউইনের অভিষেক হয়। এরপর ঐ ভেন্যুতে আর মাত্র একটি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। ২০০৪ সালে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল অসিরা। ১৪৯ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ঐ ম্যাচের পর ডারউইনের ভেন্যুতে আর কোন টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় অভিজ্ঞ স্পিনার তাইজুল জানান, ডারউইনে সুযোগ-সুবিধা ভালো হওয়ায় প্রথম দিনের অনুশীলন নিয়ে দলের সবাই খুশি। 

তিনি বলেন, ‘আমরা এখানে যে ধরণের সুযোগ-সুবিধা পাচ্ছি তাতে সবকিছু মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে। আলহামদুলিল্লাহ প্রথম দিনের অনুশীলন ভালো হয়েছে। এখানে সব সুযোগ-সুবিধা খুব ভালো। উইকেট, ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং, সব ধরনের অ্যাকটিভিটি আমরা এখানে করতে পেরেছি।’

অস্ট্রেলিয়ায় সফরে যাওয়ার পথে দীর্ঘ যাত্রা পথে একটি ট্রানজিটও পেয়েছে বাংলাদেশ দল। ঐ ট্রানজিটে বিশ্রাম পাওয়ায় দলের মধ্যে ক্লান্তিভাব নেই বলে জানান তাইজুল।
 
তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে যাত্রাটা ভালো ছিল। কারণ আসার সময় আমরা একটা ট্রানজিট পেয়েছি। ট্রানজিটে যথেষ্ট বিশ্রাম পাওয়া গেছে।’

আগামী ৫ আগস্ট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ দল। ৬ আগস্ট থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

এরপর ৯ থেকে ১২ আগস্ট পর্যন্ত টানা অনুশীলন করবে শান্ত-তাইজুলরা। ১৩ আগস্ট থেকে ডারউইনে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। 

২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫টিতে হার ও ১টিতে জিতেছে টাইগাররা। ২০১৭ সালে আগস্টে মিরপুরে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। ঘরের মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের ঐ সিরিজ ১-১ সমতায় শেষ করতে পারে টাইগাররা। 


কমেন্ট বক্স