ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়

অনলাইন ডেস্ক
৬ ঘন্টা আগে
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৪ আগস্ট) বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রিটে প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র অজুহাতে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অবৈধ হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। আবেদনে বলা হয়, প্রাপ্তবয়স্কদের সম্মতিমূলক ব্যক্তিগত সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র ভিত্তিতে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধানটি অস্পষ্ট, বৈষম্যমূলক এবং সংবিধানে নিশ্চিত মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণেই বিধানটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

এর আগে আইনজীবী ইসরাত হাসান এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন হয় ২০২৫ সালের ২০ মার্চ। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো- বিয়ের প্রলোভনে যৌন মিলন-কে- অপরাধ হিসেবে চিহ্নিত করে শাস্তির জন্য আইন করা হয়েছে। যদিও অপরাধটি প্রকৃত অর্থে কী করলে অপরাধ হবে?- তার ব্যাখ্যা নেই। অর্থাৎ কেউ বিয়ের কথা কথা বলে, যৌন মিলন করার সঙ্গে সঙ্গে অপরাধ সংঘটিত হয়? নাকি পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি পালন না করলে অপরাধ হবে? এসব ব্যাখ্যা অনুপস্থিত। এই বিষয়ে পরিষ্কার করে আইনে বলা হয়নি।

একজন প্রাপ্তবয়স্ক নারী বিয়ের প্রলোভন দিলেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বে আর এক্ষেত্রে তার পুরুষ সঙ্গীটির ৭ বছর পর্যন্ত জেল হবে। এরকম অবিবেচনামূলক বিধান কীভাবে আইন প্রণেতারা সম্মতি দিয়েছেন তা একেবারেই বোধগম্য নয়, বলেও মত দেন তিনি।

এই আইনজীবী আরও বলেন, এখানে একজন নারীকে নির্বোধ, পুতুল হিসেবে বোঝানো হচ্ছে!  যিনি কোনও পুরুষের প্রলোভনে পড়ে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। অথচ এ ধরনের সম্পর্কে কনট্রিবিউটরি পার্টিসিপেশন (Contributorry Participation) থাকে। রাষ্ট্র যদি চায় কেউ প্রণয়ের কিংবা শারীরিক সম্পর্কে না জড়ায়, তবে আইন করে প্রেম করা বন্ধ করে সবাইকে শাস্তির দেয়ার ব্যবস্থা করুক। শুধু একপক্ষকে শাস্তি দেয়া ন্যায়বিচার পরিপন্থী।


 


কমেন্ট বক্স