দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার (১০ আগস্ট) আঘাত হানা এ ভূমিকম্পে পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বহু ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, সোমবার চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভার কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এলাকাটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে। কলম্বিয়া প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৬ বলে জানিয়েছিল।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
ভূমিকম্পের পর আতঙ্কে বাসিন্দারা বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন। রাজধানী বোগোটাতেও কম্পন অনুভূত হয়।
চোকোর গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্দোবা-কুরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, চোকো অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। আফটারশক নিয়ে তারা উদ্বিগ্ন। ভূমিকম্পের কেন্দ্র সান হোসে দেল পালমারের কাছে হলেও আঞ্চলিক রাজধানী কুইবদোতেও হতাহতের ঘটনা ঘটেছে এবং ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং শিগগিরই প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
কমেন্ট বক্স