সাভারে একটি মসজিদের মাঠে প্রেসার কুকার বোমা সনাক্তের পর নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা । এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।
বুধবার (১২ আগস্ট) সকালে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপেরবাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামটির ভেতরে কাপড়চোপড়, একটি কোরআন শরিফ ও প্রেসার কুকার দেখতে পেয়ে বিষয়টি সন্দেহজনক মনে হয় স্থানীয়দের। পরে স্থানীয়রা ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে পুলিশকে খবর দেন।
স্থানীয়দের দাবি, রাতে কেউ প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়। ড্রামটির ভেতর থেকে কাপড়, একটি রিমোট, কোরআন শরিফ ও স্কচটেপ দিয়ে মোড়ানো প্রেসার কুকার পাওয়ার পর তারা পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে আশপাশের মানুষজনককে শরীয়ে দিয়ে পুরো এলাকা ঘিরে রাখে।
পরে খবর দেওয়া হলে ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বিকেল সাড়ে ৩টার দিকে তারা প্রেসার কুকার বোমাটি নিষ্ক্রিয় করেন। এরপর বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে চলে যান বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা।
এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া প্রেসার কুকারটি কী ধরনের বস্তু ছিল এবং এটি কারা সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
কমেন্ট বক্স