ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে মহাসড়কের আমতলী থেকে চান্দিনা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় যাত্রীদের কয়েক ঘণ্টা সড়কেই কাটাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের আমতলী এলাকায় চট্টগ্রামমুখী লেনে বেশ কয়েকটি বড় গর্ত তৈরি হয়েছে। এসব গর্তের কারণে ওই অংশে এসে যানবাহনের গতি কমে যাচ্ছে এবং ধীরে ধীরে যানজটের সৃষ্টি হচ্ছে। প্রায় আধা কিলোমিটার অংশজুড়ে ছোট-বড় বেশ কয়েকটি গর্ত রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ থেকে ওই অংশে আগে সাময়িক সংস্কার করা হলেও স্থায়ীভাবে সংস্কার করা হয়নি। ফলে আমতলী এলাকায় মহাসড়কের উভয় লেনেই খানাখন্দ তৈরি হয়েছে।
ঢাকা থেকে ফেনীগামী একটি বাসের চালক জানান, চান্দিনা থেকে আমতলী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার পথ পাড়ি দিতে তার প্রায় তিন ঘণ্টা সময় লেগেছে।
ঢাকা থেকে কুমিল্লাগামী একটি বাসের এক যাত্রী বলেন, চান্দিনা স্টেশনের পর থেকেই যানজটে আটকে পড়েছেন। আমতলী এলাকা পার হতে বাসে বসেই প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় কেটে গেছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার শাহিনুর ইসলাম বলেন, আমতলী এলাকায় মহাসড়কের উভয়মুখী লেনেই ব্যাপক খানাখন্দ তৈরি হয়েছে। সম্প্রতি ওই অংশের ঢাকামুখী লেনে কিছুটা সংস্কার করা হলেও চট্টগ্রামমুখী লেনে এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে সকাল থেকেই হাইওয়ে পুলিশ কাজ করছে।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, মহাসড়কের আমতলী এলাকায় ঢাকামুখী লেনে সাময়িক সংস্কার করা হয়েছে। চট্টগ্রামমুখী লেনেও সংস্কারকাজ শুরু করা হচ্ছে।