ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিনা খরচে ইতালিতে পড়াশোনার সুযোগ

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
বিনা খরচে ইতালিতে পড়াশোনার সুযোগ
বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য ইউরোপের জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে  ইতালি একটি। কিন্তু সেখানে পড়াশোনা ও বসবাসের খরচ অনেক শিক্ষার্থীর জন্য বড় চ্যালেঞ্জ। এই বাধা কিছুটা কমাতে পারে বৃত্তি ও টিউশন ফি মওকুফের সুযোগ। এবার ২০২৭-২৮ শিক্ষাবর্ষে ইতালির খ্যাতনামা বোকোনি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের আর্থিক সহায়তার সুযোগ দিচ্ছে।
 
স্নাতক ও আইন প্রোগ্রামের প্রথম বর্ষের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে ‘বোকোনি ফর অ্যাকসেস টু এডুকেশন’ কর্মসূচি। এর আওতায় যোগ্য শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০০ শতাংশ টিউশন ফি মওকুফ পেতে পারেন। এই সহায়তা মূলত শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা ও সম্পদের মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হয়। 
 
এর পাশাপাশি প্রয়োজনভিত্তিক অন্যান্য সহায়তায় ৬০ শতাংশ বা ২০ শতাংশ পর্যন্ত আংশিক টিউশন ফি মওকুফের সুযোগও রয়েছে। এ ছাড়া নারী শিক্ষার্থী, প্রতিবন্ধী শিক্ষার্থী, একই সময়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভাই-বোন এবং শিক্ষার্থী অ্যাথলেটদের জন্যও রয়েছে বিশেষ সহায়তা। ৬৬ শতাংশ বা তার বেশি প্রতিবন্ধিতা থাকা শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফের ব্যবস্থাও রয়েছে।
 
শুধু স্নাতক নয়, স্নাতকোত্তর পর্যায়েও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তা রয়েছে। এর মধ্যে রয়েছে বোকোনি মেরিট অ্যাওয়ার্ড, ওমেন অ্যাওয়ার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তা-সংক্রান্ত বিশেষ পুরস্কার এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ।
 
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে আইএসইউ বোকোনি স্কলারশিপ। এ ছাড়া আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং খেলাধুলার সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের জন্যও আলাদা সহায়তার সুযোগ রয়েছে।
 
বৃত্তির ধরন ও যোগ্যতা অনুযায়ী শিক্ষার্থীরা পেতে পারেন—
 
সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মওকুফ
নগদ আর্থিক সহায়তা
খাবারসহ নির্দিষ্ট কিছু সুবিধা
বিশেষ ক্ষেত্রে আবাসন বা অন্যান্য সহায়তা 
আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ 
বিভিন্ন একাডেমিক ও পেশাগত সুবিধা ব্যবহারের সুযোগ।
 
কারা আবেদন করতে পারবেন 
 
প্রতিটি বৃত্তির যোগ্যতা ও শর্ত আলাদা। তবে সাধারণভাবে বোকোনি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির যোগ্যতা থাকতে হবে। কিছু বৃত্তিতে একাডেমিক ফলাফল ও মেধাকে বেশি গুরুত্ব দেয়া হয়। আবার প্রয়োজনভিত্তিক বৃত্তির ক্ষেত্রে পরিবারের আয়, আর্থিক অবস্থা ও সম্পদের তথ্য বিবেচনা করা হতে পারে। নির্দিষ্ট কিছু সহায়তায় নারী শিক্ষার্থী, প্রতিবন্ধিতা, খেলাধুলা বা অন্যান্য বিশেষ যোগ্যতাও বিবেচনায় নেওয়া হয়।
 
আবেদন যেভাবে করবেন 
 
অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের বৃত্তি ও আর্থিক সহায়তা সম্পর্কে সর্বশেষ তথ্যের জন্য বোকোনি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের সংশ্লিষ্ট ফান্ডিং ও অ্যাডমিশন পেজ দেখতে হবে। 


কমেন্ট বক্স