ঢাকা রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে খেলার ইচ্ছে ব্রাজিলের, পরিদর্শনে প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক
২ ঘন্টা আগে
বাংলাদেশে খেলার ইচ্ছে ব্রাজিলের, পরিদর্শনে প্রতিনিধি দল
৩ অক্টোবর ভারতের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারত বনাম ব্রাজিলের বহুপ্রতীক্ষিত প্রীতি ম্যাচটি নির্ধারিত রয়েছে। সেই ম্যাচের আয়োজনের অংশ হিসেবে কলকাতার ভেন্যু পরিদর্শন শেষে দেশে ফেরার পথে আকস্মিকভাবে ঢাকায় পা রেখেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (CBF) পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কর্মকর্তারা ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন। পরিদর্শনকালে তারা মূল মাঠের ঘাসের মান, প্লেয়ার্স ড্রেসিংরুম, প্রেস ও মিডিয়া বক্স, গ্যালারি এমনকি ডাগ-আউটের চেয়ারে বসেও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের পুরোটা সময় তাদের সাথে ছিলেন বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন এবং বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

পরিদর্শন শেষে বাফুফে গ্রাউন্ডস কমিটির প্রধান ইকবাল হোসেন জানান, ব্রাজিল দল এশিয়ান সফরের অংশ হিসেবে বাংলাদেশে নিরপেক্ষ ভেন্যুতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী। কেবল নিরপেক্ষ ভেন্যুই নয়, সুযোগ তৈরি হলে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষেও ফ্রেন্ডলি খেলার আগ্রহ প্রকাশ করেছে তারা।

আন্তর্জাতিক ফুটবলের সময়সূচি অনুযায়ী, ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

সেখান থেকে ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হতে যাওয়ার মাঝবর্তী সময়ে (৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর) ঢাকা সফর করে অনুশীলন বা ম্যাচ খেলার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে প্রতিনিধি দলের চূড়ান্ত আলোচনার পর এ বিষয়টি সম্পর্কে আরও বিস্তারিত পরিষ্কার হওয়া যাবে।

 


কমেন্ট বক্স