যশ অভিনীত ও গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির আগে থেকেই বিতর্কে ছিল। যৌনতা, নারীর উপস্থাপন ও সহিংসতার অভিযোগের পর ২৬ আগস্ট মুক্তির পর ছবিটি সমালোচকদের নেতিবাচক প্রতিক্রিয়ার মুখেও পড়েছে।
টিজারে যশের চরিত্রের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ দৃশ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি ওঠে। কয়েকটি সংগঠন এ নিয়ে অভিযোগও করে। পরিচালক গীতুর আগের সিনেমাগুলোতে নারী ও সামাজিক বিষয় নিয়ে তাঁর অবস্থানের সঙ্গে ‘টক্সিক’-এর উপস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
তবে যশ পরিচালকের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন, ছবির কিছু দৃশ্যকে আলাদাভাবে দেখে বিচার করা ঠিক নয়। কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ট্রলিংয়ের প্রতিবাদ করেছেন হুমা কুরেশিও। ছবির নারী চরিত্রগুলোকে শক্তিশালী হিসেবে তুলে ধরতে ‘লেডিস অ্যান্ড লেডিস’ নামে প্রচারণামূলক ভিডিওও প্রকাশ করা হয়।
‘লিয়ার্স ডাইস’ ও ‘মুথোন’-এর মতো প্রশংসিত সিনেমা দিয়ে পরিচিত গীতুর জন্য ‘টক্সিক’ ছিল বড় ধরনের ভিন্নধর্মী কাজ। কিন্তু মুক্তির পর গল্পের দুর্বলতা, দীর্ঘ রানটাইম, অতিরিক্ত সহিংসতা ও নারী চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনা হচ্ছে। এদিকে ছবিটি মুক্তির পর গীতুর পুরোনো একটি সাক্ষাৎকারও ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, নির্মাণের সময় তাঁর সিনেমা চিত্রনাট্য অনুযায়ী নাও এগোতে পারে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস