ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে যুবলীগের পর শ্রমিকদল, জসিমের চাঁদাবাজি চলছেই

১ ঘন্টা আগে
সাভারে যুবলীগের পর শ্রমিকদল, জসিমের চাঁদাবাজি চলছেই
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনী এলাকায় লাব্বাইক ট্রান্সপোর্টের কাছ থেকে চাঁদাবাজি ও কর্মীদের হয়রানির অভিযোগ উঠেছে শ্রমিকদলের এক নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. রিয়াজ মোর্শেদ।

গত ৩০ আগস্ট ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের কাছে অভিযোগটি দেওয়া হয়। এর অনুলিপি সহকারী পুলিশ সুপার (সাভার সার্কেল) ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও দেওয়া হয়েছে।

অভিযোগে অভিযুক্ত হিসেবে জসিম উদ্দিন মোল্লার নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী তাঁকে শ্রমিকদল নেতা হিসেবে উল্লেখ করলেও প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জসিম নিজেকে সাভার পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা জেলা কমিটির প্রচার সম্পাদক হিসেবে পরিচয় দেন।

লিখিত অভিযোগে বলা হয়, জসিম উদ্দিন মোল্লা ও তাঁর ৭-৮ জন সহযোগী নিয়মিত রেডিও কলোনী এলাকায় লাব্বাইক ট্রান্সপোর্টের চেকপোস্টে এসে কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁরা কোম্পানির কর্মীদের গালিগালাজ ও মারধর করে চেকপোস্ট থেকে সরিয়ে দেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে চালক ও স্টাফদের মারধরের অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, নির্ধারিত স্থানে কোম্পানির কোনো গাড়ি বা কর্মচারী দাঁড়াতে হলে প্রতিটি গাড়ির জন্য ৫০ টাকা করে দিতে হবে বলে দাবি করা হয়। অভিযোগকারীর ভাষ্য, সম্প্রতি নতুন কৌশলে অর্থ আদায়ের চেষ্টা করা হচ্ছে।

লিখিত অভিযোগে ১৮ আগস্টের একটি ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, আগে থেকেই দুর্ঘটনাকবলিত একটি প্রাইভেট কার লাব্বাইক পরিবহনের একটি বাসের সঙ্গে ইচ্ছাকৃতভাবে ধাক্কা লাগিয়ে দেওয়া হয়। এরপর জসিমের লোকজন সাভারের পাকিজা এলাকায় লাব্বাইক ট্রান্সপোর্টের কয়েকটি গাড়ি আটকে রাখেন বলে অভিযোগ করা হয়েছে।

পরদিন ১৯ আগস্ট সাভার মডেল থানায় বসে জসিম ২৫ হাজার টাকা আদায় করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বৈধ ইজারা ছাড়া কেউ চাঁদা দাবি করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তি যে দলেরই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।

অভিযোগে জসিমের রাজনৈতিক পরিচয় নিয়েও নানা তথ্য উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে জসিম নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন এবং সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লার ঘনিষ্ঠ অনুসারী ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জসিম বিএনপির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে। বর্তমানে তিনি নিজেকে সাভার পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা কমিটির প্রচার সম্পাদক হিসেবে পরিচয় দেন বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।

তবে জসিম মোল্লার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি এখন পুলিশের তদন্তের ওপর নির্ভর করছে।


কমেন্ট বক্স