ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নায়িকার সঙ্গে গায়ক বাদশার বিচ্ছেদের ঘোষণা

বিনোদন ডেস্ক
১ ঘন্টা আগে
নায়িকার সঙ্গে গায়ক বাদশার বিচ্ছেদের ঘোষণা
পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় র‍্যাপার ও গায়ক বাদশা। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাদের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন চলছিল, এবার তা প্রকাশ্যেই বিচ্ছেদের ঘোষণায় রূপ নিল। দুজনেই পারস্পরিক সমঝোতা ও সম্মানের ভিত্তিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বাদশা।

সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি জানান বাদশা। 

সেখানে তিনি বলেন, দুজন নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখাতে এবং সম্পর্কটি নিয়ে আর কোনো ধরনের জল্পনা না করতে সবার প্রতি অনুরোধ করেন তিনি।

তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি বাদশা। ইশা রিখিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি। এর আগে গত ২৭ জুলাই ইশার একটি আবেগঘন পোস্টকে ঘিরে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সেখানে তিনি দীর্ঘদিন ভয় ও নীরবতার মধ্যে থাকার কথা বলেছিলেন। তবে ওই পোস্টে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার কথা উল্লেখ করেননি তিনি।

এর কিছুদিন আগে বাদশার সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন ইশা। সেখানে দেওয়া রহস্যময় বার্তাও ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করে। এরপর থেকেই তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়।

বাদশা ও ইশার পরিচয় হয়েছিল এক বন্ধুর মাধ্যমে একটি অনুষ্ঠানে। চলচ্চিত্র ও সংগীতের প্রতি দুজনের আগ্রহের মিল থেকেই তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। চলতি বছরের মার্চে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে। ইশার মা পুনম রিখির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কয়েকটি ছবির পর তাদের বিয়ের বিষয়টি সামনে আসে।

এর আগে জেসমিন নামের এক নারীর সাথে বিবাহবন্ধনে ছিলেন বাদশা। সেই সংসারে তার একটি কন্যাসন্তান রয়েছে। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়।

অন্যদিকে ইশা রিখি ২০১৩ সালে পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন। ‘জাট বয়েজ পুট জাট্টান দে’, ‘হ্যাপি গো লাকি’, ‘মেরে ইয়ার কামিনে’ ও ‘আরদাস’-এর পাশাপাশি বলিউডের ‘নবাবজাদে’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।


কমেন্ট বক্স