ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের জন্য টার্নওভার করছাড় দিয়ে এনবিআরের নতুন প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক
৪১ মিনিট আগে
ব্যবসায়ীদের জন্য টার্নওভার করছাড় দিয়ে এনবিআরের নতুন প্রজ্ঞাপন
বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত লেনদেন বা টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে টার্নওভার কর থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একইসঙ্গে ২ কোটি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারের ক্ষেত্রে করের হার ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা হয়েছে।
 
এ ছাড়া ৪ কোটি টাকার বেশি বার্ষিক টার্নওভার করা ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানির জন্য আগের মতো ১ শতাংশ হারে ন্যূনতম টার্নওভার কর বহাল রাখা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। নতুন এই সিদ্ধান্তে বিশেষ করে ছোট ব্যবসায়ীরা স্বস্তি পাবেন বলে মনে করছে রাজস্ব বোর্ড।
 
এনবিআরের একজন কর্মকর্তা জানান, ছোট ব্যবসায়ীদের ওপর করের চাপ কমাতেই এই ছাড় দেওয়া হয়েছে। এর ফলে যেসব ছোট প্রতিষ্ঠান তুলনামূলক কম মুনাফা করে, তাদের করের বোঝা কিছুটা কমবে।
 
এত দিন কিছু ব্যতিক্রম ছাড়া বেশির ভাগ ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানিকে বার্ষিক টার্নওভারের ওপর ন্যূনতম ১ শতাংশ হারে কর দিতে হতো। ব্যবসা লাভজনক হোক বা লোকসানে থাকুক, টার্নওভারের ভিত্তিতে এই কর দিতে হতো। ফলে কম মুনাফা করা কিংবা লোকসানে থাকা প্রতিষ্ঠানের ওপরও কার্যকর করের চাপ বেড়ে যেত।
 
ব্যবসায়ীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা সংস্কারের দাবি জানানো হচ্ছিল। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সম্প্রতি ব্যবসাপ্রতিষ্ঠান ও কোম্পানির ওপর আরোপিত ১ শতাংশ ন্যূনতম টার্নওভার করব্যবস্থা থেকে ধীরে ধীরে সরে আসার আহ্বান জানিয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয়। একই দাবিতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও চিঠি দিয়েছিল।
 
এনবিআর সূত্র জানায়, শিল্পপ্রতিষ্ঠান বাণিজ্যিক উৎপাদন শুরুর পর প্রথম তিন বছর ১ শতাংশের পরিবর্তে শূন্য দশমিক ২ শতাংশ হারে টার্নওভার কর দেওয়ার সুযোগ আগের মতোই থাকছে।
 
আয়কর আইনের ১৬৩ ধারায় টার্নওভার করের বিধান রয়েছে। বিভিন্ন খাতে এ করের হারও ভিন্ন। সিগারেট, বিড়ি ও তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে টার্নওভার কর ৩ শতাংশ। কার্বনেটেড বেভারেজ ও মিষ্টি প্রস্তুতকারকদের ক্ষেত্রে তা আড়াই শতাংশ এবং মোবাইল ফোন অপারেটরদের ক্ষেত্রে দেড় শতাংশ।
 
এসব খাতের বাইরে অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এত দিন ১ শতাংশ হারে টার্নওভার করের বিধান ছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এই শ্রেণির ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য টার্নওভার করের হার ও প্রযোজ্যতার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।
 
নতুন ব্যবস্থায়, ২ কোটি টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারে কোনো টার্নওভার কর দিতে হবে না। ২ কোটি থেকে ৪ কোটি টাকা পর্যন্ত টার্নওভারে কর দিতে হবে শূন্য দশমিক ৫ শতাংশ হারে। আর ৪ কোটি টাকার বেশি টার্নওভারে আগের মতো ১ শতাংশ ন্যূনতম কর প্রযোজ্য হবে।


কমেন্ট বক্স