ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হারুন ও বিপ্লবের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
২ বছর আগে
হারুন ও বিপ্লবের বিরুদ্ধে মামলা
১৩ বছর আগের ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুন হারুন অর রশীদ ও পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির নেতা জয়নুল আবেদীন ফারুক। আজ সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের ৬ জুলাই বিএনপির ডাকা হরতাল কর্মসূচি চলাকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন তারা। এ সময় পুলিশ তাদের কর্মসূচিতে অকারণে বাধা দেয়। ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত উপ-কমিশনার হারুন অর রশীদ এবং সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার জয়নুল আবদিন ফারুককে হত্যার উদ্দেশে লাঠি এবং বুট দিয়ে মারধর করে। একপর্যায়ে ফারুকের মাথা ফেটে তিনি রক্তাক্ত হন।

এতে আরও বলে হয়, মারপিটের পর হারুন ও বিপ্লব ফারুকের বুকে বন্দুক ঠেকিয়ে হত্যার হুমকি দেয়।

এ ঘটনায় ফারুক থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। উল্টো ঘটনার দিনই পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফারুকের বিরুদ্ধেও একটি মামলা করা হয়।

সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১১ সালের ৬ জুলাই হরতাল ডেকেছিল বিএনপি। নেতা-কর্মীদের নিয়ে সংসদ ভবনের সামনে মিছিলের চেষ্টা করেন তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। এসময় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি থেকে বেধড়ক পিটুনির শিকার হন তিনি। তখনকার অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদ ও সহকারী কমিশনার বিপ্লব এই হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন জয়নুল আবদীন ফারুক।

পুলিশের সেই নির্মম নির্যাতন সম্পর্কে ফারুক বলেন, ‘আমাকে প্রথমে একটা লাঠির আঘাত করা হয় মাথায়। মাথা ফেটে যায়। লিগামেন্ট ছিড়ে যায়। একটা লাঠির আঘাত আমার বাম পাশের কিডনিতে লাগে। যেটার যন্ত্রণা আমি এখনও পাই। প্রতিবছর আমাকে চেকআপ করাতে হয়। সেদিন আমাকে এভাবে না পিটিয়ে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারত।’

 


কমেন্ট বক্স