ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান দলে গণছাঁটাই, পদত্যাগ করলেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক
২ ঘন্টা আগে
পাকিস্তান দলে গণছাঁটাই, পদত্যাগ করলেন মিসবাহ
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে একের পর এক ব্যর্থতার পর পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পরদিনই দল ও কোচিং স্টাফে ব্যাপক রদবদল করা হয়। এর পরপরই জাতীয় নির্বাচন কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

ইএসপিএন ক্রিকইনফোর তথ্যমতে, চার সদস্যের জাতীয় নির্বাচন কমিটি থেকে সরে দাঁড়ানোর পাশাপাশি লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) ব্যাটিং কনসালট্যান্টের দায়িত্বও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ। তবে পিসিবি এখনো তার পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি।

এর আগে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের আগে পাকিস্তান স্কোয়াড থেকে মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী উসমান, আমির জামাল, ওয়াইস জাফর ও খুররম শাহজাদকে বাদ দিয়ে দেশে ফেরত পাঠানো হয়।

শুধু খেলোয়াড় নয়, কোচিং স্টাফেও বড় পরিবর্তন আনা হয়েছে। প্রধান কোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে সরিয়ে তাদের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সীমিত ওভারের দলের কোচ মাইক হেসন ও অ্যাশলি নফকে।

বাদ পড়া খেলোয়াড়দের জায়গায় আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলনামূলক কম থাকা সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলকে দলে নেওয়া হয়েছে। পাশাপাশি আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রানধাওয়া ও রেজাউল্লাহর মতো পাঁচ আনক্যাপড ক্রিকেটারকেও স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

দল ও কোচিং স্টাফে এমন ব্যাপক পরিবর্তনের মধ্যেই মিসবাহর পদত্যাগ পাকিস্তান ক্রিকেটের চলমান সংকটকে আরও গভীর করেছে। নির্বাচন কমিটির সদস্য হিসেবে দলের এমন পরিস্থিতিতে তার সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

পাকিস্তানের অন্যতম সফল টেস্ট অধিনায়ক মিসবাহ ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে তিনি একই সঙ্গে পাকিস্তান দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পান। প্রায় দুই বছর পর ২০২১ সালে ওই দায়িত্ব থেকে সরে দাঁড়ান তিনি।

চলতি বছরের মার্চে আকিব জাভেদ, সরফরাজ আহমেদ ও আসাদ শফিকের সঙ্গে মিসবাহকেও জাতীয় নির্বাচন কমিটির সদস্য করা হয়।

এদিকে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ হতাশাজনক। সর্বশেষ ২০ টেস্টের ১৫টিতেই হেরেছে দলটি। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকার তলানির দিকে অবস্থান করছে পাকিস্তান।

সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা পাকিস্তান আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহামের এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে। ওই ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য থাকবে বাবর আজমদের।


কমেন্ট বক্স