ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বদলি-বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক প্রধান কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে আজ এ তথ্য জানিয়েছেন কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদক জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়ন আদেশ করিয়ে ৭৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য দেড় কোটি টাকা এবং পদোন্নতির পর পছন্দের স্থানে পদায়নের জন্য আরও অর্থসহ মোট ২ কোটি টাকার দুর্নীতি করার অভিযোগ রয়েছে।

দুদকের নথিতে আরও বলা হয়, যুব উন্নয়ন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তাকে নিয়ে একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে বদলি, নিয়োগ ও পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম এবং টেন্ডারবাজি ও কেনাকাটায় দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে অভিযুক্তরা বিলাসবহুল জীবনযাপন করছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে অনুসন্ধানের জন্য দুদক চার সদস্যের একটি টিম গঠন করেছে। টিমের দলনেতা হিসেবে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম। সদস্য হিসেবে রয়েছেন সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন, উপসহকারী পরিচালক ইমরান আকন এবং উপসহকারী পরিচালক রোমান উদ্দিন।

দুদকের সিদ্ধান্ত অনুযায়ী, চার সদস্যের এই অনুসন্ধান টিম অভিযোগটির বিষয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবে।


কমেন্ট বক্স