ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাফ নদীর সীমান্ত সড়কে পোল্ডারসমূহের কাজ হবে জনস্বার্থ বিবেচনায় : পানিসম্পদ মন্ত্রী

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
নাফ নদীর সীমান্ত সড়কে পোল্ডারসমূহের কাজ হবে জনস্বার্থ বিবেচনায় : পানিসম্পদ মন্ত্রী
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর সীমান্ত সড়কে পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। 

তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, বন্যা নিয়ন্ত্রণ, নদী খননসহ জনকল্যাণে সরকার কাজ করছে। কারিগরি সমীক্ষা ও প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করে নাফ নদীর পোল্ডারসমূহের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

আজ মঙ্গলবার জেলার টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে নাফ নদী বরাবর পোল্ডারসমূহের পুনর্বাসন প্রকল্প নিয়ে সুবিধাভোগী ও স্থানীয় জনগণের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।

এ্যানি বলেন, সীমান্ত সড়ক ও পোল্ডার পুনর্বাসন প্রকল্পে ইতোমধ্যে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে বরাদ্দ ও সংশোধনের পরও প্রকল্পটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজে আসেনি। একটি প্রকল্প বারবার সংশোধন ও অতিরিক্ত বরাদ্দ দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, কৃষি, মানুষের জীবন-জীবিকা, নিরাপত্তা ও পরিবেশ সবকিছু বিবেচনায় নিয়ে প্রকল্পটির কাজ করা জরুরি। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে প্রকল্পটি পুনরায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

সভায় নাফ নদী সীমান্ত সড়ক পোল্ডার সমূহের পুনর্বাসন, বেড়িবাঁধের বর্তমান অবস্থা, প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় জনগণের সমস্যা ও প্রত্যাশাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

সুবিধাভোগী ও স্থানীয় বাসিন্দারা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।

এসময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। 

এছাড়াও সভায় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া বেড়িবাঁধ পরিদর্শন করেন। 

এসময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বেড়িবাঁধের বর্তমান অবস্থা, নদীভাঙন ও সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হন তারা।


কমেন্ট বক্স