ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহাকাশ বর্জ্যের আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
মহাকাশ বর্জ্যের আক্রমণ থেকে অল্পের জন্য রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট
বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। গত ২৩ আগস্ট একটি দ্রুতগতির মহাকাশ বর্জ্য স্যাটেলাইটটির মাত্র ৮৫২ মিটারের মধ্যে চলে আসার আশঙ্কা তৈরি হলে জরুরি পদক্ষেপ নিয়ে সেটিকে সামান্য সরিয়ে নিরাপদ রাখা হয়।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) প্রকৌশলীরা নাসার স্পেস ট্র্যাকার থেকে পাওয়া সতর্কবার্তার ভিত্তিতে এ পদক্ষেপ নেন। ওইদিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাসা জানায়, ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে বর্জ্যটি বিএস-১-এর খুব কাছ দিয়ে অতিক্রম করতে পারে।

বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মুহাম্মদ ইমাদুর রহমান জানান, পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ ছিল। বিভিন্ন দিকে সরানোর সুযোগ সীমিত থাকায় প্রকৌশলীরা স্যাটেলাইটটি সামান্য বাঁয়ে সরিয়ে দেন। মহাকাশ বর্জ্যটি অতিক্রম করার পর বিএস-১-কে আবার নির্ধারিত অবস্থানে ফিরিয়ে নেওয়া হয়।

নাসার তথ্য অনুযায়ী, ওই বর্জ্যটি ভারতের ইনস্যাট-১এ স্যাটেলাইটের অংশ। ১৯৮২ সালের ১০ এপ্রিল উৎক্ষেপণের পর যান্ত্রিক ত্রুটি ও জ্বালানি শেষ হয়ে যাওয়ায় একই বছরের ৬ সেপ্টেম্বর এটি অকার্যকর হয়ে পড়ে।

বিএসসিএলের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির বলেন, দক্ষ ব্যবস্থাপনার কারণে জ্বালানি সাশ্রয় হয়েছে এবং বিএস-১-এর কার্যকাল আরও ১৭ মাস বাড়বে।


কমেন্ট বক্স