ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে চমকে দিল ‘জাইমা’

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীকে চমকে দিল ‘জাইমা’
অনুষ্ঠানজুড়ে তখন শিশুদের হাসি-আনন্দ। সাংস্কৃতিক পরিবেশনা শেষে শিশুদের সঙ্গে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই মধ্যে এক ক্ষুদে শিক্ষার্থী সাহস করে তার দৃষ্টি আকর্ষণ করে বলে উঠল, মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম জাইমা। আচমকা এমন পরিচয়ে কিছুটা চমকে গেলেও পরক্ষণেই হাসিমুখে শিশুটির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। প্রটোকলের আনুষ্ঠানিকতা ছাপিয়ে মুহূর্তেই সেখানে তৈরি হয় আনন্দের এক ছোট্ট দৃশ্য।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে ১৫০ শিশু তাকে বরণ করে নেয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান।

অনুষ্ঠানে শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। পরে পরিবেশনায় অংশ নেওয়া শিশুদের সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন তিনি। এ সময় শিশুদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

এরই একপর্যায়ে জাইমা নামের শিশুটি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিজের পরিচয় দেয়। তার সরল ও সাবলীল কথায় প্রধানমন্ত্রী কিছুটা চমকে গেলেও পরে হাসিমুখে তার সঙ্গে কথা বলেন। জাইমার স্বতঃস্ফূর্ততায় অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মধ্যেও আনন্দ ছড়িয়ে পড়ে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে। তাদের কথা শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। শিশুদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারক উপহার দেওয়া হয়। পরে বিশেষ স্মরণিকা শৈশব-এর মোড়ক উন্মোচন করেন তিনি।


কমেন্ট বক্স