ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রী দেশে থাকতেই পারেন: ওমর সানী

বিনোদন ডেস্ক
২ ঘন্টা আগে
স্বামী-স্ত্রী দেশে থাকতেই পারেন: ওমর সানী
স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়ক ওমর সানী। পরিবারকে নিয়ে ভিত্তিহীন পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে না নিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে চলচ্চিত্রশিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা ও নারী শিল্পীদের অসম্মানজনকভাবে উপস্থাপনের সমালোচনা করেছেন এই অভিনেতা।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওমর সানী।

তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু পেজ ও ব্যক্তি তাকে, তার স্ত্রী মৌসুমী এবং সন্তানদের নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে পরিবারকে ব্যবসার উপকরণে পরিণত করেছেন।

ক্ষোভ প্রকাশ করে ওমর সানী বলেন, ‘আমাদেরকে ক্যাশ করে কয় টাকা কামাই করবি বাবা তোরা? কী লাভ? এই টাকা কে খাবে, শিয়াল-কুকুরে খাবে। আমাদেরকে একটা ব্যবসার জিনিস বানিয়ে ফেলেছে।’

সম্প্রতি সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়ায়, ওমর সানী ও মৌসুমীর ছেলে ফারদিন পরিবারের সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে যুক্তরাষ্ট্রের বাসা থেকে মাকে বের করে দিয়েছেন। তবে এই তথ্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওমর সানী। তিনি জানান, ফারদিন বর্তমানে দুবাইয়ে এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন তিনি।

পরিবারকে নিয়ে এমন প্রচারণার কারণে সামাজিকভাবে বিব্রত হতে হচ্ছে জানিয়ে এই অভিনেতা বলেন, বিষয়টি নিয়ে তার ছেলে ফারদিনও উদ্বিগ্ন। ছেলের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং ফারদিন তাকে মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।

স্ত্রী মৌসুমীর ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন। স্বামী-স্ত্রী আলাদা দেশে থাকতেই পারেন।’ তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন গল্প ছড়ানোর কোনো অর্থ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় চলচ্চিত্রশিল্পীদের নেতিবাচকভাবে উপস্থাপন এবং নারী শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত ও শারীরিক গঠন নিয়ে অশালীন কনটেন্ট তৈরির সমালোচনা করেন ওমর সানী। বিএফডিসিতে শিল্পীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

চলচ্চিত্রশিল্পীদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করতে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের প্রতি আহ্বান জানান এই অভিনেতা। তার মতে, শিল্পীদের নিয়ে মিথ্যা তথ্য ও নেতিবাচক প্রচারণা অব্যাহত থাকলে নতুন প্রজন্ম চলচ্চিত্রাঙ্গনে আসতে নিরুৎসাহিত হতে পারে।

নিজের ও মৌসুমীর বয়স এবং শারীরিক গঠন নিয়ে অযাচিত আলোচনা বন্ধের আহ্বান জানিয়ে ওমর সানী বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে মনগড়া তথ্য ছড়িয়ে কাউকে হেয় করা উচিত নয়। কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাইতেও তার আপত্তি নেই। তবে মিথ্যা প্রচারণা বন্ধ হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।


কমেন্ট বক্স