ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
মঙ্গলবার পূজামণ্ডপ পরিদর্শনের পর সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে নগরের রহমতগঞ্জের জে. এম. সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনের পর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তিনি।

নগরের হোটেল র‌্যাডিসন ব্লুতে এ সভা হওয়ার কথা রয়েছে। এতে দলের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার অংশগ্রহণকারী নেতাকর্মীর সংখ্যা কম রাখা হবে।

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে. এম. সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এছাড়া তিনি বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা নেতাদের সঙ্গে সাংগঠনিক সভার কর্মসূচি দিয়েছেন।

সভা প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বাসস’কে বলেন, এতে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিএনপির নেতাকর্মীরা সভায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। তবে গত ৯ আগস্টের সভার তুলনায় এবার দলীয় নেতাকর্মীদের সংখ্যা কম রাখা হবে।

দলীয় সূত্র জানায়, আগামী মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জে. এম. সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থানের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়ার কথা রয়েছে তাঁর।

এর আগে গত ৯ আগস্ট হোটেল র‌্যাডিসন ব্লুর হলরুমে চট্টগ্রাম উত্তর জেলা, দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছিল। ওই সভায় দলের সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এবার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে একই হোটেলে আবারও দলীয় সভার আয়োজন করা হচ্ছে।

বাসস



কমেন্ট বক্স