ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিষপানের হুমকি হিরো আলমের

বিনোদন ডেস্ক
২ ঘন্টা আগে
বিষপানের হুমকি হিরো আলমের
আবারও আলোচনায় কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত মুখ হিরো আলম। এবার সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে চাঁদা দাবি, অর্থ আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলার আবেদন করেছেন তিনি। তাঁর অভিযোগ, অভিযুক্তরা তাঁর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে এ আবেদন করেন হিরো আলম। আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগ তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী শান্তা সাকছিনা।

মামলার আবেদনে প্রধান অভিযুক্ত হিসেবে হিরো আলমের সাবেক স্ত্রী মোসা. সাথী খাতুনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য দুই অভিযুক্ত হলেন তাঁর সহযোগী আহসান হাবিব সেলিম ও মো. মহিদুল ইসলাম।

হিরো আলমের অভিযোগ, প্রথমে মিউজিক ভিডিওতে কাজ করার সুযোগ চেয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করেন সাথী খাতুন। পরে সংসারের খরচ ও পোশাক কেনার জন্য তাঁকে আর্থিক সহায়তা দেন তিনি।

অভিযোগে বলা হয়েছে, গত ১৭ আগস্ট সাথী খাতুনকে পাঁচ লাখ টাকা দেন হিরো আলম। ওই টাকা ব্যাংকে জমা রাখার কথা সাথী সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকার করেছেন বলেও আবেদনে দাবি করা হয়েছে।

হিরো আলমের দাবি, গত ২২ আগস্ট ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর সাথী খাতুন মিউজিক ভিডিওর শুটিং ও সাজসজ্জার খরচ বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন।

পরে গত ২৯ সেপ্টেম্বর সাথী খাতুনকে তালাক দেওয়ার পর তিন অভিযুক্ত মিলে তাঁর কাছে ১৫ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ করেছেন হিরো আলম।

অভিযোগের বিবরণে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলম ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশে গালাগাল এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এমনকি গত ১২ অক্টোবর অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে হিরো আলমের জন্মদিনের অনুষ্ঠানে প্রকাশ্যে বিষপান এবং তাঁকে কারাগারে পাঠানোর হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৬ অক্টোবর রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন হিরো আলম। এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। আদালতের নির্দেশে পিবিআই তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারিত হবে।

তবে এসব অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আদালতের নির্দেশে পিবিআইয়ের তদন্তের পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারিত হবে।


কমেন্ট বক্স