জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমায় সোমবার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে সামান্য বেড়েছে স্বর্ণের দাম। তবে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) মুদ্রানীতিবিষয়ক বৈঠকের দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। ধারণা করা হচ্ছে, বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখতে পারে ফেড। খবর রয়টার্স
সোমবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ১৭১ ডলার ৬৫ সেন্টে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের বাজারে ডিসেম্বরে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্যও শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৯১ ডলার ৯০ সেন্টে ওঠে।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, তেলের দাম কমায় ফেডের ওপর চাপ কিছুটা কমেছে, যা স্বর্ণের দামের জন্য ইতিবাচক। ডলারের দাম শক্তিশালী হওয়া সত্ত্বেও স্বর্ণের দাম ধরে রাখা উল্লেখযোগ্য বিষয়। নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ায় ডলার ও স্বর্ণ—দুটিই সুবিধা পাচ্ছে।
স্তাউনোভোর মতে, এবার সুদের হার অপরিবর্তিত রাখতে পারে ফেড। ফলে বৈঠকের সিদ্ধান্তের চেয়ে মূল্যস্ফীতি ও শ্রমবাজারের নতুন তথ্য সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে কী ইঙ্গিত দেয়, সেটিই স্বর্ণের বাজারে বেশি প্রভাব ফেলতে পারে।
সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বাড়লে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
এদিকে মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) চলতি বছর অন্তত আরো একবার সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শুক্রবার সংস্থাটি এ পূর্বাভাস দেয়।
অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে সোমবার স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৮৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ ডলার ৪৯ সেন্টে দাঁড়ায়। প্লাটিনামের দাম ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ৬৫১ ডলার ৫ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ১২৫ ডলার ৪৪ সেন্টে ওঠে।
দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে।
কমেন্ট বক্স