সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে আজ রাতে মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাতকার নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ড। আজ রাত সাতটায় বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে এই সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। দলীয় মনোনয়ন পেতে যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন, তাদের নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে দলীয় মনোনয়ন পেতে ৬৮ জন নারী নেত্রী ফরম জমা দিয়েছেন। গত ১৭ অক্টোবর শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁরা মনোনয়ন ফরম জমা দেন। এর আগে ৭০ জন নারী নেত্রী ফরম সংগ্রহ করেছিলেন।
প্রসঙ্গত, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনার পর বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশের পর গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। পরে জাতীয় সংসদ সচিবালয় তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপনও জারি করে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৫০।
সংবিধান অনুসারে, জাতীয় সংসদে দলগুলোর সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়।
বিএনপির মনোনয়নে এবার ৩৬ জন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হয়েছেন।