মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গত সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পরে ওই দিন সন্ধ্যায় তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন।
সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, আত্মরক্ষার স্বার্থে সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং এ ঘটনায় তিনি কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান রক্ষায় প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পদত্যাগ করলেও মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইশরাক। সাধারণ দলীয় কর্মী হিসেবে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এর আগে গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রকাশ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে সমালোচনার মুখে পড়েন ইশরাক। ওই অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী ইশরাকের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি তা গ্রহণ করার পর মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।
কমেন্ট বক্স