ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
হঠাৎ ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান
মধ্যপ্রাচ্যজুড়ে বহুমুখী উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি তেহরানে পৌঁছেছেন বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ।

মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধানের এই সফরের মূল লক্ষ্য দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদার করা।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেয়ি জানিয়েছিলেন, আসিম মুনিরের সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ।

সফরটি কোনো রাজনৈতিক বার্তা দেওয়া কিংবা সামরিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে কি না, এমন জল্পনার বিষয়ে বাঘেয়ি বলেন, দুই দেশের আলোচ্যসূচিতে কিছু ভিন্ন বিষয় থাকতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে আলোচনার মূল লক্ষ্য থাকে দ্বিপক্ষীয় সম্পর্ক।

তিনি প্রতিবেশী দেশ দুটির মধ্যকার সম্পর্কের গুরুত্ব তুলে ধরে সহযোগিতা সম্প্রসারণের ওপরও জোর দেন।

সৌদি জোট ও ইয়েমেনের হুতিদের পাশাপাশি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাপ্রধানের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাতের পর দুই দেশের উত্তেজনা কমানোর প্রচেষ্টায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। ফলে আসিম মুনিরের এই সফরে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা গুরুত্ব পেতে পারে।


কমেন্ট বক্স