ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী
জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়ন নিশ্চিত করতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সেবা করাই জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব।

বুধবার (২১ অক্টোবর) মানিকগঞ্জের সিংগাইর, হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান মন্ত্রী।

আফরোজা খানম বলেন, নিজেদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্বে জড়ালে জনগণ, দল ও এলাকার ক্ষতি হবে। তাই সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মনোভাব নিয়ে সবাইকে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দেশের বিভিন্ন জেলা পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজখবর নিচ্ছেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় তাঁদের খোঁজ নেওয়া, কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করা এবং সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

মানিকগঞ্জের মানুষের ভালোবাসা ও নেতাকর্মীদের সহযোগিতায় বর্তমান অবস্থানে পৌঁছেছেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রক্ষা করে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

বর্তমান সরকার জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চায় জানিয়ে তিনি বলেন, সবাই বাংলাদেশের মানুষ। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মানিকগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে আফরোজা খানম বলেন, এ জেলার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সম্পর্ক অত্যন্ত চমৎকার। বিভিন্ন পূজামণ্ডপে মুসলিম সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা এই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতির এই বন্ধন ভবিষ্যতেও অক্ষুণ্ন রাখতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সামনে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

পরিদর্শনকালে বিভিন্ন পূজামণ্ডপের পক্ষ থেকে স্থানীয় সমস্যা ও উন্নয়নসংক্রান্ত নানা দাবি তুলে ধরা হয়। মন্ত্রী দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা ও উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স