বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফলে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে দশে। এরই প্রেক্ষিতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে শুরু করেছে।
সম্প্রতি পুলিশ জানিয়েছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ভাড়া করা শুটাররা সালমান খানের বান্দ্রার বাসভবন ছাড়াও আরও দুই প্রথম সারির অভিনেতার বাড়িও নজরদারি করেছিল।
পুলিশ জানিয়েছে, শুটাররা মুম্বাইয়ে অভিনেতা আমির খানের বাসভবন এবং রণবীর কাপুরের বাড়িও নজরদারিতে রেখেছিল। গ্রেফতার হওয়া দুই শুটার ফুল সিং ও রেহান আনসারি এবং তাদের সহযোগী হৃতিক কুমার ওরফে রোশন রামু মাহতোকে জেরা করে জানা গেছে, টাইগার শ্রফ তাদের মূল টার্গেট ছিলেন না; কিন্তু তার পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় তাকে সহজ লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়।
অন্য তারকাদের ওপর হামলার পরিকল্পনা তারা বাদ দিয়েছিল, কারণ তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া ছিল।