ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য

বিনোদন ডেস্ক
২৩ ঘন্টা আগে
টাইগার শ্রফের ওপর হামলাকারীদের নিয়ে বেরিয়ে এলো নতুন তথ্য
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুই হামলাকারী মুম্বাইয়ের আন্ধেরি ইস্ট এলাকার একটি সাধারণ মানের হোটেলের ২০১ নম্বর কক্ষে পাঁচ দিন অবস্থান করেছিলেন। প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০ রুপি ভাড়ার ওই কক্ষে নিজেদের পরিচয় গোপন করে হরিয়ানার হিসারের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিলেন তারা। সেখান থেকেই হামলার আগে বিভিন্ন জায়গায় নজরদারি ও প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। খবর এনডিটিভির। অভিযুক্ত ফুল সিং ও রেহান সিং ১৪ অক্টোবর সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে হোটেলটিতে ওঠেন। ১৮ অক্টোবর বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা হোটেল ছাড়েন। এর কিছুক্ষণ পরই মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এরপর আর ওই হোটেলে ফেরেননি তারা। অটোরিকশায় ঘুরে হামলার প্রস্তুতি সূত্রের বরাতে জানা গেছে, অভিযুক্তরা প্রতিদিন অটোরিকশায় করে হোটেল থেকে বের হতেন। বিভিন্ন স্থান ঘুরে দেখার পাশাপাশি হামলার প্রস্তুতি নিতে তারা নজরদারি চালাতেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া দলটির কাছে সরবরাহ করা একটি পিস্তল হোটেলের আস্তানায় পরীক্ষা করার সময় গুলি ঠিকমতো বের না হওয়ার একটি ঘটনাও তদন্ত করছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার পরও তারা বিষয়টি গোপন রাখতে সক্ষম হন। ১৮ অক্টোবর অভিযুক্তরা হোটেল ছেড়ে যাওয়ার দুই দিন পর, ২০ অক্টোবর পুলিশ সেখানে পৌঁছালে হোটেলকর্মীরা ঘটনাটি সম্পর্কে জানতে পারেন। নেপালে পালানোর পরিকল্পনার অভিযোগ, গ্রেফতার তিন হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে চলতি সপ্তাহের শুরুতে রাজস্থানের কোটায় গ্রেফতার করা হয়। তাদের নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে অভিযোগ রয়েছে। সোমবার কোটার পুলিশ একটি ট্রেন থেকে তাদের আটক করে পরে মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করে। বুধবার ভোরে অভিযুক্তদের মুম্বাইয়ে আনা হয়। আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের পর তাদের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। গ্রেফতার তিনজন হলেন—হরিয়ানার সোনিপতের ১৮ বছর বয়সি রেহান ওরফে সুক্কা, বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা এবং বর্তমানে মুম্বাইয়ে বসবাসকারী ২২ বছর বয়সি ঋতিক কুর্মি ওরফে রোশন এবং হরিয়ানার ১৮ বছর বয়সি ফুল সিং। টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ৫-৬ রাউন্ড গুলি রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলে আসা অন্তত দুই ব্যক্তি টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান। এ ঘটনায় অভিনেতা বড় ধরনের আঘাত থেকে রক্ষা পেলেও তার গাড়িচালক ও এক পথচারী আহত হন। মুম্বাই পুলিশের ভাষ্য অনুযায়ী, গাড়িটি লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়েছিল। পরে হামলায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি মোটরসাইকেল আন্ধেরি এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টাসংক্রান্ত বিধান এবং অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। হামলার পরিকল্পনা, অভিযুক্তদের গতিবিধি ও অস্ত্রের উৎস সম্পর্কে তদন্ত চলছে।


কমেন্ট বক্স