ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি

অনলাইন ডেস্ক
২১ ঘন্টা আগে
দেশে সাইবার হামলা নিয়ে উচ্চ সতর্কতা জারি
জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত এ ত্রুটির মাধ্যমে ব্যবহারকারীর নাম বা পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর কোড চালাতে পারে হ্যাকাররা। এ পরিস্থিতিতে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট।

সংস্থাটি জানিয়েছে, ত্রুটি দুটির সিভিই আইডি হলো CVE-2026-109618 ও CVE-2026-109619। এর সিভিএসএস স্কোর ৯.২, যা অত্যন্ত গুরুতর ঝুঁকির নির্দেশক।

বিজিডি ই-গভ সার্টের সতর্কবার্তা অনুযায়ী, পিএইচপির মেমোরি ব্যবস্থাপনার দুর্বলতা থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে। মেমোরি শেষ হয়ে যাওয়া কিংবা মেমোরি মুক্ত হওয়ার পরও পুরোনো রিকোয়েস্টের তথ্য থেকে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে আক্রমণকারীরা বিশেষভাবে তৈরি এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাতে পারে। এর মাধ্যমে সার্ভারে অননুমোদিতভাবে কোড চালানো এবং নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা রয়েছে।

পিএইচপি-এফপিএম (PHP-FPM) এবং অ্যাপাচির মড_পিএইচপি (mod_php) ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। এ ছাড়া পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি, লাইটস্পিড, ডকার কনটেইনার ও শেয়ার্ড হোস্টিংয়ে পরিচালিত বিভিন্ন ওয়েবসাইটও ঝুঁকির মুখে রয়েছে।

এর মধ্যে সরকারি ওয়েব পোর্টাল, ব্যাংক, ই-কমার্স সাইট এবং ওয়ার্ডপ্রেস ও লারাভেলভিত্তিক ওয়েবসাইট উল্লেখযোগ্য।

সফলভাবে হামলা চালানো সম্ভব হলে সার্ভারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারানো, গুরুত্বপূর্ণ তথ্য ও ফাইল চুরি, ডেটাবেসের পাসওয়ার্ড ও এপিআই কি ফাঁস এবং ওয়েবসাইট অচল হয়ে পড়ার মতো গুরুতর ক্ষতি হতে পারে।


কমেন্ট বক্স