মাদারীপুরের ডাসারে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী অরুণ সমাদ্দার ও সারথী দে নামে এক নারীর পলাতক থাকার কথা জানিয়েছে স্থানীয়রা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরুণ সমাদ্দারের সঙ্গে একই এলাকার সারথী দে নামে এক গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিস-মীমাংসাও হয়েছে। তবে বিরোধের সমাধান হয়নি বলে দাবি পরিবারের।
বৃহস্পতিবার ভোরে এ বিষয় স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রান্নাঘরে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় পুতুল চিৎকার করলে অরুণের বড় বোন পুষ্প দাস ছুটে যান। পরে তিনি পুতুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার পর অরুণ সমাদ্দার সেখান থেকে দ্রুত পালিয়ে যান।
নিহত পুতুল সমাদ্দার ধামুসা গ্রামের বাসিন্দা ও মৃত পুলিন নাগের মেয়ে। অভিযুক্ত অরুণ সমাদ্দার একই গ্রামের মৃত জিতেন সমাদ্দারের ছেলে। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
নিহতের বড় বোন পুষ্পা রাণী অভিযোগ করে বলেন, আমার বোনজামাই অরুণের চরিত্র ভালো ছিল না। একই এলাকার সারথী নামে এক গৃহবধূর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। এমনকি ওই নারীকে বাড়িতেও নিয়ে আসতেন। এ নিয়ে আমার বোন প্রায়ই প্রতিবাদ করত। সেই বিরোধের জেরেই আমার বোনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি।
ডাসার ইউনিয়ন পরিষদের সদস্য গৌতম সরকার বলেন, পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও অভিযুক্ত নারী পলাতক রয়েছেন বলে তিনি জানান।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান মাহমুদ বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কমেন্ট বক্স