ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে বেসরকারি খাতে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
বাংলাদেশে বেসরকারি খাতে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান
আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন) বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করবে জাপান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানিয়েছে। পরে বার্তা সংস্থা রয়টার্সও নিক্কেইর প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জাপানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাবেন। এ উপলক্ষে অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের যৌথ বিবৃতিতে এই বিনিয়োগ উদ্যোগের বিষয়টি উল্লেখ থাকবে।

নিক্কেইর তথ্য অনুযায়ী, সম্ভাব্য এই বিনিয়োগের অর্থ অটোমোবাইল ও অন্যান্য উৎপাদনশিল্প, পাশাপাশি জ্বালানি অবকাঠামো নির্মাণে ব্যয় করা হবে।

এ ছাড়া জাপানের শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান সুমিতোমো কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে গড়ে ওঠা বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (BSEZ)-এ বিনিয়োগকারী কোম্পানিগুলোও এই উদ্যোগের আওতায় থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে, রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে—তারা নিক্কেইর এ প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।


কমেন্ট বক্স