ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ব্যবসায়ীকে আটকের পর বিএনপি নেতা ও এসআই নিহত

অনলাইন ডেস্ক
৪ ঘন্টা আগে
মাদক ব্যবসায়ীকে আটকের পর বিএনপি নেতা ও এসআই নিহত
গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় বিএনপির স্থানীয় নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক মোল্লা ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরো দুই সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্যরাত সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রফিকুল ইসলাম রফিক মোল্লা কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি তুমলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমলিয়া এলাকায় মহাসড়কের পাশে টহল ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিলেন এসআই মিজানুর রহমানসহ পুলিশের একটি দল। এ সময় তারা কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়ি থামান। তখন একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়।

এতে এসআই মিজানুর রহমান, পিএসআই জাবেদ ওমর, ড্রাইভার কনস্টেবল ফজলে রাব্বি এবং স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম গুরুতর আহত হন। পুলিশের দাবি, ধাক্কার পর এসআই মিজানুর রহমান গাড়িটির সঙ্গে আটকে গেলে তাকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে চালক পালিয়ে যান।

পুলিশ জানায়, পরে স্থানীয় এক রিকশাচালক ও এক পথচারী আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তফা আল হোসাইন রাত ৩টা ৫৫ মিনিটে রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত এসআই মিজানুর রহমান ও পিএসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টা ৪৭ মিনিটে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়। পিএসআই জাবেদ ওমর হাসপাতালে চিকিৎসাধীন। আহত কনস্টেবল ফজলে রাব্বিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স