ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে কারাগারে কম-বেশি সাড়ে সাত হাজার বাংলাদেশি আছেন। এই সংখ্যাটা তারা আমাদের পাঠায়, বিভিন্ন সাজায় তারা জেলে থাকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জনের নাম সেই তালিকায় আছে কি না আমরা খতিয়ে দেখছি। আমরা এখনও বিস্তারিত পাইনি। আমরা সৌদি সরকারের কাছে রায়ের কপি চেয়েছি। সেটা পেলে বিস্তারিত জানা যাবে। 

সৌদির রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারকে আজ শুক্রবার (২৩ অক্টোবর) মরদেহ হস্তান্তর শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

শামা ওবায়েদ বলেন, সব দেশেরই নিজস্ব আইনি কাঠামো আছে। সেই অনুযায়ী সাজা হয়। কিন্তু এভাবে দণ্ডিত হলে সেই বিষয়ে আমাদের জানার প্রয়োজন আছে। 

তিনি বলেন, সৌদিসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ায় শাস্তি মওকুফের চেষ্টা করছে সরকার। 

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। বাকিদের ফিরিয়ে আনার কাজ চলছে।’

নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মদের পরিবারের উদ্দেশে তিনি বলেন, ‘নিহত শাহেদ আহম্মদের পরিবারকে দ্রুত সরকারি অনুদান পৌঁছে দেওয়া হবে।’

এছাড়া শিরশ্ছেদ হওয়া বাংলাদেশিদের বিষয়ে তিনি জানান, সৌদি আরব রায়ের কপি দিলেই বিস্তারিত বলা যাবে। সৌদিসহ বিভিন্ন দেশে দণ্ডপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ায় শাস্তি মওকুফের চেষ্টা করছে সরকার বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘সৌদি আরবে প্রবাসীদের ভিসা নবায়ন ও কর্মসংস্থান নিয়ে কাজ করছে সরকার।’


কমেন্ট বক্স