সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার ঘটনার পর ফ্লাইট চলাচলে চরম বিশৃঙ্খলা তৈরি হওয়ায় বিপাকে পড়েছেন চার হাজার ভারতীয় ওমরাহযাত্রী। বর্তমানে তারা দেশটির পবিত্র মক্কা ও মদিনা নগরীতে আটকে রয়েছেন। আটকে পড়া এই নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে।
ভারতের প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সৌদির দাম্মামে অবস্থিত কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন বিমান অবকাঠামো লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে। এতে ফ্লাইট চলাচলের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটে এবং একের পর এক ফ্লাইট বাতিল হতে থাকে।
গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে আটকে পড়া ওমরাহযাত্রীদের নিরাপদে ও দ্রুত দেশে ফেরাতে রিয়াদের ভারতীয় দূতাবাস এবং জেদ্দার কনস্যুলেট জেনারেল সংশ্লিষ্ট এয়ারলাইনস ও ট্যুর অপারেটরদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে।
এর আগে বিষয়টি প্রকাশ্যে আনেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানান, ইন্ডিগো, আকাসা এয়ার ও এয়ার ইন্ডিয়ার মতো বিমানসংস্থাগুলোর সূচিত ফ্লাইট বাতিল হওয়ায় চার হাজার ভারতীয় নাগরিক মক্কা-মদিনায় আটকে গেছেন। সংকট নিরসনে তিনি ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ামক সংস্থা (ডিজিসিএ)-কে বড় আকারের উড়োজাহাজ পাঠানো কিংবা বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফ্লাইট বিঘ্নিত হওয়ার সংকট সত্ত্বেও গত এক সপ্তাহে বিভিন্ন বিশেষ ও পরিবর্তিত সূচির ফ্লাইটে প্রায় ৩ হাজার আটকে পড়া ওমরাহযাত্রী ভারতে ফিরে এসেছেন। এছাড়া নিয়মিত নির্ধারিত ফ্লাইটে আরও ১০ হাজারের বেশি যাত্রী ইতোমধ্যে দেশে পৌঁছেছেন।
পরিস্থিতি মোকাবিলায় এবং সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের সার্বিক সহায়তা দিতে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) চালু করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেখান থেকে যোগাযোগের জন্য হটলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।