ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেসিকে একনজর দেখতে হাত কাটলেন ভক্ত

স্পোর্টস ডেস্ক
২ ঘন্টা আগে
মেসিকে একনজর দেখতে হাত কাটলেন ভক্ত
স্পেনের ওবিএদো শহরে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করতে পৌঁছানোর পর থেকে লিওনেল মেসিকে নিয়ে চলছে উন্মাদনা। আর্জেন্টাইন মহাতারকাকে একনজর দেখতে হোটেলের সামনে ভিড় জমান শত শত ভক্ত। প্রিয় তারকাকে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া না করতে এবং কর্মস্থল থেকে ছুটি পেতে এক তরুণ অনুরাগী নিজের হাত কেটে ফেলার মতো কাণ্ড ঘটালেন। সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এই তথ্য নিশ্চিত করেছে।

স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে ওবিএদোয় পৌঁছে হোটেল দে লা রেকনকিস্তায় ওঠেন মেসি। মুহূর্তেই হোটেলের প্রধান প্রবেশপথ ভক্ত ও সংবাদকর্মীদের ভিড়ে মুখর হয়ে ওঠে। কক্ষে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কালো রঙের আনুষ্ঠানিক পোশাক পরে বাইরে বেরিয়ে আসেন আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। এ সময় ভক্তদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার জার্সি এবং পতাকায় অটোগ্রাফ দেন মেসি। ভক্তদের কাছ থেকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী মিষ্টি ও কর্নস্টার্চ দিয়ে তৈরি ‘আলফাখোরেস’ বিস্কুটের ট্রেসহ নানা উপহার গ্রহণ করেন তিনি।

ওবিএদোতে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন মেসি। স্পোর্টস প্যালেসে শিক্ষার্থী শিশু-কিশোরদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি হোটেলেও পুরস্কারের অন্য বিজয়ীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। সেখানে আস্তুরিয়াসের রাজকুমারী লিওনর দে বোরবন ই ওর্তিথ তাঁকে স্মারক পিন উপহার দেন।

মর্যাদাপূর্ণ এই সম্মাননা প্রাপ্তির মুহূর্তে প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগাপ্লুত হন মেসি। নিজের অনুভূতির কথা জানিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি খুব খুশি। আসলে, এই পুরস্কার নিয়ে আমার বাবা খুবই রোমাঞ্চিত ছিলেন।

আমার অনেক ম্যাচের কারণে এখানে আসা কঠিন হবে, সেটা আমরা জানতাম। কিন্তু বাবা বারবার জোর দিচ্ছিলেন, যেন আমরা আসি এবং আমি এখানে এসে এই কটা দিন কাটাই ও পুরস্কারটি গ্রহণ করি।’ তিনি বলেন, ‘একজন মানুষ মাঠে যা করে কিংবা পেশাদার ক্যারিয়ারে আমি যা করেছি, এই পুরস্কার তার চেয়েও বেশি কিছুর স্বীকৃতি। সত্যি বলতে, এই স্বীকৃতি পেলে তিনি খুব খুশি হতেন। তাই আমি নিশ্চিত, তিনিও এখনও এটি উপভোগ করছেন।’


কমেন্ট বক্স